এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
আকাশ-প্রদীপ
সেদিন গেছে যেদিন দৈবে পাওয়া দুটি একটি কাঁচা আম
ছিল আমার সোনার চাবি
খুলে দিত সমস্ত দিনের খুশির গোপন কুঠুরি,
আজ সে তালা নেই, চাবিও লাগে না।
গোড়াকার কথাটা বলি।
আমার বয়সে এ বাড়িতে যেদিন প্রথম আসছে বৌ
পরের ঘর থেকে,
সেদিন যে-মনটা ছিল নোঙরফেলা নৌকো,—
বান ডেকে তাকে দিলে তোলপাড় ক’রে।
জীবনের বাঁধা বরাদ্দ ছাপিয়ে দিয়ে
এল অদৃষ্টের বদান্যতা।
পুরোনো ছেঁড়া আটপৌরে দিনরাত্রিগুলো
খসে পড়ল সমস্ত বাড়িটা থেকে।
ক’দিন তিনবেলা রশনচৌকিতে
চারদিকের প্রাত্যহিক ভাষা দিল বদলিয়ে;
ঘরে ঘরে চলল আলোর গোলমাল
ঝাড়ে লণ্ঠনে।
অত্যন্ত পরিচিতের মাঝখানে
ফুটে উঠল অত্যন্ত আশ্চর্য।
কে এল রঙিন সাজে সজ্জায়
আলতাপরা পায়ে পায়ে
৬৭