নামে এক ব্যক্তি আমার পিতার প্রাণবধ করিয়াছে, শুনিয়াছি, ঐ দুরাত্মা, এই নগরের কোনও স্থানে লুকাইয়া আছে, বৈরনির্য্যাতনের অভিপ্রায়ে, তাহার অনুসন্ধান করিতে যাই।
ইব্রাহিম কিছুদিন পূর্ব্বে, এক ব্যক্তির প্রাণবধ করিয়াছিলেন, কিন্তু ঐ ব্যক্তি এই গৃহস্বামীর পিতা, তাহা জানিতেন না, এক্ষণে, গৃহস্বামীর বাক্য শুনিয়া জীবনের আশায় বিসর্জ্জন দিয়া, তিনি বলিলেন,—মহাশয়, আমি বুঝিতে পাবিলাম, জগদীশ্বর আপনকার বৈরনির্য্যাতনবাসনা অনায়াসে পূর্ণ করিবার অভিপ্রায়েই আমায় এ স্থানে আনিয়াছেন। আমি আপনকার পিতার প্রাণহন্তা, আমার প্রণবধ করিয়া, আপনি বৈরনির্য্যাতনবাসনা পূর্ণ করুন।
এই কথা শুনিয়া গৃহস্বামী বলিলেন, বোধ করি, ক্রমাগত যন্ত্রণাভোগ করিয়া, আপনকার আর বাঁচিবার ইচ্ছা নাই; এজন্যই, আপনি এরূপ প্রস্তাব করিতেছেন। কিন্তু, অকারণে এক ব্যক্তির প্রাণবধ করিব, আমি সেরূপ নরাধম নহি। ইব্রাহিম বলিলেন, আমি আপনকার নিকট প্রবঞ্চনাবাক্য বলিতেছি না, এই বলিয়া, যেরূপে যেস্থানে, যে অবস্থায়, গৃহস্বামীর পিতার প্রাণবধ করিয়াছিলেন, তৎসমুদয়ের বিশেষ নির্দ্দেশ করিলেন।