এ ‘ছুটীর মাহিনা না দিলে বিনোদ কাজ করিবে না, তখন বড় মুস্কিল হইবে। যদিও স্পষ্ট শুনি নাই, তবু এই রকম শুনিয়া আমার সর্ব্বাঙ্গ জ্বলিয়া গেল, বড় রাগ হইল। আমার একটুতে যেন মনের ভিতর আগুন লাগিয়া যাইত, আমি চোখে কিছু দেখিতে পাইতাম না। সেই দিনই প্রতাপ বাবু ভিতরে আসিলে আমি আমার মাহিনা চাহিলাম তিনি হাসিয়া বলিলেন, “মাহিন কেয়া? তোম তো কাম নেহি—কিয়া!” আর কোথা আছে;—“বটে মাহিনা দিবেন না” বলিয়া চলিয়া আসিলাম। আর গেলাম না! তারপর গিরিশ বাবু, অমৃত মিত্র আমাদের বাটীতে আসিলেন। আমি তখন গিরিশ বাবুকে বলিলাম যে “মহাশয়, আমার বেশী মাহিনা চাহি, আর যে টাকা বাকী পড়িয়াছে তাহা চুক্তি করিয়া চাহি, নচেৎ কাজ করিব না। তখন অমৃত মিত্র বলিলেন, “দেখ বিনোদ এখন গোল করিও না, একজন মাড়োয়ারীর সন্তান, একটী নূতন থিয়েটার করিতে চাহে; যত টাকা খরচ হয় সে করিবে। এখন কিছুদিন চুপ করিয়া থাক, দেখি কতদূর কি হয়!”
এইখান হইতেই “স্টার থিয়েটার” হইবার সূত্রপাত আরম্ভ হইল। আমিও গিরিশবাবুর কথা অনুযায়ী আর প্রতাপ বাবুকে কিছু বলিলাম না। তবে ভিতরে ভিতরে সংবাদ লইতে লাগিলাম কে লোক নূতন থিয়েটার করিতে চাহে?