বিশ্ববিদ্যালয়ে উচ্চ স্থান অধিকার করিয়া কৃতিত্বের পরিচয় দিয়াছেন। কওসর ও জোহরা দলের মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী। মসুদার বৈশিষ্ট্য তাহার পাশ্চাত্য ধরণের সোনালি রংয়ের কেশপাশ। বিচিত্রভাবে পাকিস্তানের প্রতিভা প্রতিফলিত হইতেছে এই মিশনের মধ্যদিয়া।
মিঃ আবদুল ওয়াহেদ ওয়াইন মিশনের সদস্য না হইয়াও চলিয়াছেন মিশনের সঙ্গে। এই কাশ্মীরী ছেলেটি Illustrated Weekly of Pakistan, Vision ও Dawn—এই তিনটি সাময়িক পত্রিকার প্রতিনিধি। কাগজের জন্য লেখার মাল-মসলা ও ছবি যোগাড় তাঁহার বিদেশ ভ্রমণের উদ্দেশ্য। মিশনের সঙ্গে সঙ্গে থাকিলে তাঁহার এই উদ্দেশ্য সফল হয় অনেকখানি। তুরষ্ক সফরের শেষে তিনি মিশনের সঙ্গ ছাড়িয়া আরো আগাইয়া যাইবেন গ্রীস ও ইটালীর দিকে।
আমাদের মিশনের পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সদস্যরা পরস্পরকে জানিবার জন্য উৎসুক। কাল রাত সাড়ে ন’টা পর্যন্ত ডেকে ছিলাম। অনেকখানি অগ্রসর হইল আলাপ পরিচয়। অনন্ত বিস্তার সমুদ্রবক্ষ রূপালি জ্যোৎস্নায় ঝলমল করিতেছিল। সে দৃশ্য সত্যি উপভোগ করিবার মত।
মনে করিয়াছিলাম সকালে সমুদ্রের বুকে সূর্যোদয়ের দৃশ্য দেখিব। কিন্তু শেষ রাত হইতে গাঢ় কুয়াশায় সমুদ্র আচ্ছন্ন হইয়াছিল। সকাল হইতে দেখিতেছি, আমাদের জাহাজের এক পাশে সীমাহীন সমুদ্র আকাশের সঙ্গে গিয়া মিশিয়াছে। অন্য পাশে বহুদূরে সমুদ্রের মাঝখানে সারি সারি পাহাড় এক প্রান্ত