এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ইরাণী উপকথা।
কেউ কোথাও নেই আপনার স্থানে পরদা ঢাকা চিত্রপট—তার দুপাশে রজতাধারে তৈলহীন প্রদীপ দুটিতে সলতের ভস্মাবশেষ।
বাদশা চিত্রপট দেখে হৃষ্ট হলেন। বললেন—“উজির, চিত্রকর না থাক, চিত্রপট রয়েছে—তাই আমাদের যথেষ্ট। চিত্রকর যদি পুরস্কার প্রত্যাশা না করে সে দোষ ইরাণ-তুরাণের বাদশার নয়—”বলতে বলতে তিনি চিত্রপটের পরদা অপসারিত করলেন।
বাদশার মুখের কথা মুখেই মিলিয়ে গেল। দুজনে মন্ত্রমুগ্ধের মত ছবির দিকে তাকিয়ে রইলেন। চিত্রপটে রত্নক্ষচিত সিংহাসন যেমন আঁকা ছিল তেমনি আছে; কিন্তু তার উপরকার নতুন বেগমের চিহ্নমাত্র নেই।
রত্নসিংহাসনের রত্নগুলো যেন প্রাণ পেয়ে জ্বল্ জ্বল্ করছে।