তাহা ক্ষণে ক্ষণে চঞ্চল হইয়া উড়িতে লাগিল। কবির সেই ক্ষণিকার ‘এক গাঁয়ে’ কবিতার মতো এই দুই লোকের মধ্যে রহস্যলীলা চলিতে লাগিল মন্দ না।—
তাদের ছাদে যখন ওঠে তারা
আমার ছাদে দখিন হাওয়া ছোটে।
তাদের বনে ঝরে শ্রাবণ-ধারা,
আমার বনে কদম ফুটে ওঠে।
সেখানকার হাওয়া আসিয়া এখানকার পুষ্প ফোটায়, সেখানকার পরীদের গান এখানকার বনমর্মরে নদীনির্ঝরে শোনা যায় এবং নবীন সাকী সেই গান শুনিয়া গাহিয়া ওঠেন—
Fairies, come, take me out of this dull world
For I would ride with you upon the wind,
Run on the top of the dishevelled tide
And dance upon the mountains like a flame!
—W. B. Yeats, The Land of Heart’s Desire
ওগো পরীরা, এই নিরানন্দ জীর্ণ জগৎ থেকে আমায় নিয়ে যাও,
আমায় বের করে নিয়ে যাও।
তোমাদের সঙ্গে আমি পবন-মাতলির পৃষ্ঠে চড়ে ছুটব
বন্যা যখন তার কুন্তল এলিয়ে দেবে, তখন তার চূড়ায় চূড়ায় আমি চলব,
এবং পর্বতে পর্বতে অগ্নিশিখার মতো নৃত্য করব।
ইঁহারা বলেন যে, এই বাস্তব জগৎ তো আসল জগৎ নয়—সেই অদৃশ্য ছায়ার জগৎই আসল জগৎ। কারণ, যাহাকে বাস্তব বলিতেছি তাহার বস্তুত্ব কোথায়? সীমা যে ক্রমাগতই তাহার সীমারূপ পরিত্যাগ করিতেছে। সে কথাটা তো আজ বিজ্ঞান অণুপরমাণুর মধ্যে পর্যন্ত দেখাইয়া দিতেছে। য়েট্স্ তাঁহার The Shadowy Waters-নামক