উপলব্ধির সারল্যে, প্রতিষ্ঠিত হও। গীতিমাল্যের ৩১-সংখ্যক কবিতার আছে যে, কবি সমস্ত জীবনের পশরা মাথায় করিয়া হাঁকিয়া ফিরিয়াছেন―কে তাহাকে কিনিয়া লইবে? মান নয়, ধন নয়, সৌন্দর্য নয়, কিন্তু সংসারসাগরতীরে যে শিশু ঝিনুক লইয়া আপন-মনে খেলিতেছে সেই তাঁহাকে বলিল, ‘তোমায় অমনি নেব কিনে।’ তাহারই কাছে সব বোঝা নামিল, সেই বিনা মূল্যে কবিকে কিনিয়া লইল। তাই ‘যে সুর ভরিলে ভাষাভোলা গীতে, শিশুর নবীন জীবনবাঁশিতে,’ সেই সুরে গীতিমাল্যের সরল গানগুলি বাঁধা হইয়াছে।
বিনা প্রয়োজনের ডাকে
ডাকব তোমার নাম,
সেই ডাকে মোর শুধু শুধুই
পূরবে মনস্কাম।
শিশু যেমন মাকে
নামের নেশায় ডাকে,
বলতে পারে এই সুখেতেই
মায়ের নাম সে বলে।
···
আমার মুখের কথা তোমার
নাম দিয়ে দাও ধুয়ে,
আমার নীরবতায় তোমার
নামটি রাখ থুয়ে।···
জীবনপদ্মে সংগোপনে
রবে নামের মধু,
তোমায় দিব মরণক্ষণে
তোমারি নাম বঁধু।