বিষয়বস্তুতে চলুন

পাতা:কাব্যপরিক্রমা - অজিতকুমার চক্রবর্তী (১৯৫৮).pdf/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গীতিমাল্য
১৪১

পরে illuminative পরে unitive—এমন করিয়া ধাপে ধাপে খৃষ্টীয় কোনো সাধকেরও সাধনের অবস্থাগুলি উন্নীত হয় নাই। শাস্ত্র, গুরু, মার্গ, এ-সমস্ত দশের জন্য। তাহাদের পক্ষে individualism বা ব্যক্তিতন্ত্রতা সত্য নহে। কিন্তু যিনি আপনার পথে আপনি চলিবেনই চলিবেন এবং সেই চলার দ্বারাই যাঁহার উপলব্ধি গভীর হইতে গভীরতর হয় তাঁহার পক্ষে নিজের পথে চলার বিপদ কোথায়? তিনিই তো আসল individual বা ব্যক্তি, তাঁহার individualism বা ব্যক্তিতন্ত্রতা তো যথার্থরূপে সার্থক; কারণ, তাহা তাঁহাকে ক্রমশ ব্যক্ত করিয়া তুলিবেই তুলিবে—সত্যে আনন্দে কল্যাণে পূর্ণতায় ব্যক্ত করিয়া তুলিবে। গীতিমাল্যে তাই কবি কোথাও ব্যর্থতার কান্না কাঁদেন নাই, তিনি বেশ জোরের সহিতই বলিয়াছেন—

মিথ্যা আমি কী সন্ধানে
যাব কাহার দ্বার।
পথ আমারে পথ দেখাবে
এই জেনেছি সার।

পথ আমারে পথ দেখাবে! সে পথ একমাত্র individualএর নিজস্ব পথ—সে পথের সঙ্গে অন্য কাহারও কোনো পথের সাদৃশ্য নাই।

তোমার জ্ঞানী আমায় বলে কঠিন
তিরস্কারে
‘পথ দিয়ে তুই আসিস নি যে
ফিরে যা রে।’
ফেরার পন্থা বন্ধ করে
আপনি বাঁধ’ বাহুর ডোরে,
ওরা আমায় মিথ্যা ডাকে
বারে বারে।