বিষয়বস্তুতে চলুন

পাতা:গলিভারের ভ্রমণ-বৃত্তান্ত (১৯১৩).pdf/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গলিভারের ভ্রমণ-বৃত্তান্ত।

বোধ হইতে লাগিল, আমার বাম পায়ের উপর কি একটা চলিতেছে। সেটা বরাবর বুকের উপর দিয়া হাঁটিয়া আসিয়া, আমার চিবুকের কাছে দাঁড়াইল। তখন যতদূর পারিলাম ঘাড় তুলিয়া দেখি, সেটা একটা মানুষের মতনই জীব; কিন্তু ৬ ইঞ্চিও উচ্চ কি না সন্দেহ! তাহার হাতে তীর ও ধনু, আর পীঠে তূণীর। তাহার সঙ্গে সঙ্গে ঐরূপ প্রায় আরও ৪০ টি প্রাণী আমার দেহ বহিয়া আসিতে লাগিল।

 আমার ত বিস্ময়ের সীমা রহিল না। আমি এমন চীৎকারধ্বনি করিয়া উঠিলাম, যে ভয়ে সকলেই পলায়ন করিল। আমি পরে জানিতে পারিয়াছিলাম, পলায়নের সময়ে কেহ কেহ আমার বুক হইতে মাটিতে লাফাইয়া পড়িতে গিয়া গুরুতর আঘাত পাইয়াছিল! যাহা হউক, তাহারা আবার ফিরিয়া আসিল এবং তাহাদের মধ্যে একজন সাহস করিয়া অগ্রসর হইয়া, আমার মুখখানা নিরীক্ষণ করিয়া দেখিতে লাগিল। তাহার ভঙ্গী দেখিয়া আমার বোধ হইল, তাহার মনে বিস্ময় ও প্রশংসার ভাব জাগিয়া উঠিয়াছে। সে যত দূর সম্ভব উচ্চৈঃস্বরে “হেকিনা ডেগুল্” বলিয়া চীৎকার করিয়া উঠিল। আর সকলে তাহার অনুকরণ করিয়া “হেকিনা ডেগুল্” বলিয়া শব্দ করিতে আরম্ভ করিল। কথা গুলির যে তাৎপর্য্য কি, তখন কিছুই বুঝিতে পারিলাম না।