পরিবেশনও, আহারের অনুরূপে, ক্ষিপ্র হইতে লাগিল; এবং আমার শরীরের ও ক্ষুধার পরিমাণ দেখিয়া পরিবেশকগণ যথেষ্ট আনন্দ অনুভব করিতে লাগিল।
তারপর সঙ্কেত দ্বারা জানাইলাম যে, আমার তৃষ্ণা হইয়াছে, কিছু পানীয়ের প্রয়োজন। আমার খাওয়ার পরিমাণ দেখিয়াই তাহারা বুঝিয়াছিল, অল্প আনিলে চলিবে না! বুদ্ধি করিয়া, মদের বড় একটা পিপা আমার হাতের নিকট আনিয়া দিল ও মুখ খুলিয়া দিল। আমি এক চুমুকে পিপা নিঃশেষ করিয়া দিলাম—পিপাতে আধ পাইণ্টও ছিল কি না সন্দেহ। আর একটা পিপা আনিয়া দিল; সেটাও ঐ ভাবে শেষ করিয়া, আরো একটা আনিবার জন্য ইঙ্গিত করিলাম। কিন্তু আর তাহারা আনিল না; বোধ করি তাহাদের আর ছিল না। যে মদ খাইলাম, তাহা আমাদের দেশের বার্গেণ্ডি-মদেরই মতন; আস্বাদ আরও একটু ভাল।
আমার আহারের পরিমাণ দেখিয়া তাহারা আহ্লাদে আমার বুকের উপর নৃত্য করিতে লাগিল এবং বারংবার “হেকিনা ডেগুল্” বলিয়া চীৎকার করিতে লাগিল। তারপর তাহারা পিপা দুইটা নীচে ফেলিয়া দিতে, আমাকে ইঙ্গিতে অনুরোধ করিল এবং “বোরাক্ মোভেলা” বলিয়া