বিষয়বস্তুতে চলুন

পাতা:গলিভারের ভ্রমণ-বৃত্তান্ত (১৯১৩).pdf/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬
গলিভারের ভ্রমণ-বৃত্তান্ত।

উচ্চৈঃস্বরে বার কতক চীৎকার করিয়া, নীচে যাহারা দাঁড়াইয়াছিল তাহাদিগকে সাবধান করিয়া দিল। পিপা দুইটী যখন গড়াইতেছিল, তখন সকলেই “হেকিনা ডেগুল্” বলিয়া আবার চীৎকার করিতে লাগিল।

 বলিতে কি, যখন লোকগুলা আমার শরীরের উপর দিয়া যাতায়াত করিতেছিল, তখন এক একবার ইচ্ছা হইতেছিল যে, গোটা ৪০৷৫০কে দুই মুঠায় ধরিয়া আছাড় দিয়া, মারিয়া ফেলি! কিন্তু প্রতি বারেই সে লোভ সম্বরণ করিয়া গেলাম। এই সকল ক্ষুদ্র মানবের সাহস দেখিয়া আমি মনে মনে খুবই বিস্মিত হইতে লাগিলাম। আমার এই প্রকাণ্ড দেহ, তাহার উপর, আমার অন্ততঃ একখানি হাতও মুক্ত আছে, ইহা দেখিয়াও তাহারা যে আমার শরীরের উপর চলিতেছে ফিরিতেছে, ইহা কম সাহসের কথা নহে! কিছুক্ষণ পরে, আমার খাওয়া প্রায় শেষ হইয়া আসিয়াছে, এমন সময় সম্রাটের নিকট হইতে একজন উচ্চপদস্থ দূত আসিয়া দেখা দিলেন।