চতুর্থ পরিচ্ছেদ।
রাজদূত আমার দক্ষিণ পদের উপর দিয়া বরাবর আমার মুখের নিকট উপস্থিত হইলেন; তাঁহার সঙ্গে ১২ জন অনুচর ছিল। তিনি রাজার মুদ্রাঙ্কিত সনন্দখানি আমার চক্ষুর নিকট খুলিয়া ধরিলেন; তারপর প্রায় ১০ মিনিট ধরিয়া বক্তৃতা করিলেন। সে বক্তৃতার মধ্যে ক্রোধ-চিহ্নের লেশমাত্রও দেখিলাম না। কেবল বিশেষ দৃঢ়তার সহিত বার বার সম্মুখের দিকে অঙ্গুলি নির্দেশ করিতে দেখিলাম। পরে বুঝিতে পারিলাম, মহারাজের আদেশক্রমে আধমাইল দূরবর্ত্তী রাজধানীতে আমাকে যাইবার হুকুম করিতেছেন। আমি অতি অল্প কথায় তাঁহার বক্তৃতার উত্তর দিলাম, এবং আমার যে হাতটী মুক্ত ছিল, তাহা দ্বারা দেহের সমুদায় বন্ধন দেখাইয়া, মুক্তি প্রার্থনা করিলাম। রাজদূত আমার অনুরোধ বেশ বুঝিতে পারিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনি অসম্মতি জ্ঞাপন করিয়া মাথা নাড়িলেন, ও হাত নাড়িয়া বুঝাইয়া দিলেন, এই বন্দীভাবেই আমাকে রাজধানীতে যাইতে হইবে। যাহা হউক, তিনি দয়া করিয়া ইহাও জানাইলেন যে, আমাকে প্রচুর পরিমাণে আহার ও পান করিতে দেওয়া হইবে এবং আমার