আমাকে লইয়া রাজ্যমধ্যে একটা হুলস্থূল পড়িয়া গেল। সম্রাট্ এবং তাঁহার মন্ত্রিগণ কতপ্রকার পরামর্শই করিতে লাগিলেন। তাঁহারা কখনও ভয় করিতেন, আমি তাঁহাদের নাগপাশ ভেদ করিয়া কবে রাজ্যমধ্যে তুমুল বিপ্লব বাধাইয়া দিব। কখনও বা ভয় করিতেন, আমার এত রসদ তাঁহারা কতকাল যোগাইতে পারিবেন; সত্বরই বুঝি রাজ্যমধ্যে ভীষণ দুর্ভিক্ষ দেখা দিবে! কখনও তাঁহাদের মধ্যে পরামর্শ চলিত, আমাকে আহার না দিয়া মারিয়া ফেলা হউক। কখনও বা পরামর্শ হইত, বিষাক্ত তীর দিয়া মুখ ও হাত বিঁধিয়া আমার প্রাণবধ করা হউক। কিন্তু তখনই আবার তাঁহারা ভাবিতেন যে, এত প্রকাণ্ড একটা দেহকে পচিতে দিলে, সেই দুর্গন্ধে হয় ত সমস্ত রাজ্যমধ্যে একটা মারাত্মক মহামারী উপস্থিত হইতে পারে; সেই ভাবিয়া তাঁহারা ওরূপ পরামর্শ হইতে বিরত হইতেন।
এইরূপ পরামর্শ চলিতেছে, এমন সময় দুইজন সেনা পুরুষ রাজসভায় গিয়া, সম্রাট্ সমীপে ছয় জন অপরাধীর প্রতি আমার সদয় ব্যবহারের কথা নিবেদন করিল। শুনিবামাত্র সম্রাটের এবং মন্ত্রিগণের মন আমার প্রতি এরূপ প্রসন্ন হইল যে, আমাকে বধ করিবার অভিপ্রায় তাঁহারা সম্পূর্ণরূপে বিসর্জ্জন দিলেন। তখনই সম্রাটের নামে আদেশ