অষ্টম পরিচ্ছেদ।
সম্রাটের পরামর্শমতে আমি প্রজাবৃন্দের প্রিয়পাত্র হইতে ও সর্ব্বদা তাহাদের চিত্তবিনোদন করিতে, বিধিমতে চেষ্টা করিতাম, এবং সৌভাগ্যক্রমে কৃতকার্য্যও হইয়াছিলাম। পুরুষেরা যখন তখন আসিয়া, পাঁচ সাত জনে দলবদ্ধ হইয়া, আমার মাথায় চড়িয়া নৃত্য করিত; ছোট ছোট ছেলে মেয়েরা আমার চুলের মধ্যে লুকাচুরি খেলিত। আর নানাবিধ ক্রীড়া-কৌতুকে আমাকে প্রফুল্ল রাখিত। সে দেশের যে কেহ সরকারি কার্য্যে নিযুক্ত হইতে চাহে, তাহাকেই নানাপ্রকার ব্যায়াম-কৌশল দেখাইতে হয়; এমন কি, যে সর্ব্বাপেক্ষা এ বিষয়ে পটু বলিয়া প্রমাণ দিতে পারে, তাহারই কার্য্যপ্রাপ্তির সম্ভাবনা সর্ব্বাপেক্ষা অধিক। এই কারণে রাজ্যের প্রায় সকলেরই অঙ্গচালনায় বিশেষ পটুতা ছিল। রাজকোষাধ্যক্ষ সকলের অপেক্ষা ১ ইঞ্চি অধিক লাফাইতে পারিতেন। তাঁহার পরেই প্রধান মন্ত্রী। এরূপ ব্যায়াম-কৌশল প্রদর্শনে যে কখনও কখনও দুর্ঘটনা না ঘটিত, তাহা নহে; তথাপি ইহা সে দেশের লোকের পক্ষে একটা আনন্দের ও গৌরবের বিষয়; কাজেই তাহারা বিরত হইত না। সম্রাট্ কখনও কখনও স্বয়ং এই সকল প্রদর্শনীতে উপস্থিত