এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গলিভারের ভ্রমণ-বৃত্তান্ত।
৪৭
তাঁহাদের রাজ্যে গমন করিবার জন্য সম্রাটের নামে নিমন্ত্রণ করিলেন। আমি যে দূতদিগের প্রতি সদয় ব্যবহার করিয়াছি ও তাঁহাদের দেশে যাইবার নিমন্ত্রণ গ্রহণ করিয়াছি, এ সংবাদ নানাপ্রকারে অতিরঞ্জিত হইয়া লিলিপুট্ সম্রাটের কর্ণগোচর হইল। ইহাতে আমার প্রতি তাঁহার অসন্তোষের ভাব আরও বাড়িয়া গেল। রাজসভা যে কতদূর কুটিল স্থান আমার বেশ জ্ঞান জন্মিতে লাগিল। যাহা হউক, আমি ব্লেফুস্কু রাজ্যে যাইবার জন্য সম্রাটের অনুমতি প্রার্থনা করিতে আসিলাম; সম্রাট্ অতি অনিচ্ছার সহিত ও বড়ই গম্ভীর ভাবে অনুমতি দিলেন। আমার শত্রুগণ এই বিষয় লইয়া আমার প্রাণনাশের জন্য খুবই চক্রান্ত করিয়াছিল, কিন্তু সে সকলই সৌভাগ্যক্রমে আমার হিতের জন্য হইল।