একাদশ পরিচ্ছেদ।
শেষে এমন হইয়া উঠিল যে, লিলিপুট রাজ্যে আমার প্রাণরক্ষা করিয়া বাস করা দুর্ঘট হইল। সম্রাট্ ব্লেফুস্কুরাজ্যের স্বাধীনতা নষ্ট করিয়া দিবার জন্য আমাকে সাহায্য করিতে বলিয়াছিলেন, কিন্তু আমি সে প্রস্তাবে সম্মত হই নাই; ইহাতে আমার প্রতি সম্রাট্ মনে মনে খুবই অসন্তুষ্ট হইয়াছিলেন—একথা সভাসদ্ সকলেই জানিত। যাহারা আমার হিংসা করিত, এই সুযোগে তাহারা আমার প্রাণনাশের ষড়যন্ত্র করিতে লাগিল। একদিন এক উচ্চপদস্থ মন্ত্রী রাত্রিযোগে গোপনে আমার আবাসে আসিয়া, দয়া করিয়া ষড়যন্ত্রের কথা সমস্ত বলিয়া গেলেন। তাঁহার নিকট হইতে জানিতে পারিলাম যে, রাজসভায় আমার শত্রুরা আমার প্রাণনাশের প্রস্তাবে সম্রাটের অনুমতি পাইবার জন্য বিধিমতে চেষ্টা করিয়াছে। প্রথমতঃ আমাকে অনাহারে মারিয়া ফেলার প্রস্তাব হইয়াছিল। তার পর, বিষাক্ত বাণ দ্বারা বিদ্ধ করিয়া, গৃহে অগ্নি দিয়া, বিষাক্ত জামা পরিতে দিয়া, ইত্যাদি নানা উপায়ে আমাকে মারিয়া ফেলার প্রস্তাব সভাস্থলে উঠে। এ সকল প্রস্তাব সম্রাটের ভাল লাগে নাই। অবশেষে একজন মন্ত্রী পরামর্শ দিলেন যে, আমায় অন্ধ করিয়া দেওয়া হউক! এ প্রস্তাবে আমার মিত্রপক্ষও সম্মতি দিতে বাধ্য হইয়াছিলেন, নচেৎ তাঁহারা আমার প্রাণ আর কিছুতেই রক্ষা করিতে পারেন