এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গলিভারের ভ্রমণ-বৃত্তান্ত।
৫৩
দিলেন, এবং অনুমতি দিলেন যে, আমার আহারের জন্য যত খাা লওয়া প্রয়োজন হইবে, তাহা লইতে পারিব। আর যে কোনও পশুপক্ষী যত ইচ্ছা লইতে পারিব। কিন্তু একথা আমায় বিশেষভাবে বলিয়া দিলেন যে, একটা প্রজাকেও যেন আমি সঙ্গে না লই; এমন কি, স্বতঃপ্রবৃত্ত হইয়া কোনও প্রজা আমার সহিত যাইতে ইচ্ছুক থাকিলেও, আমি যেন তাহাকে না লই। সম্রাটের এই নিষেধ উক্তিতে আমি একটু দুঃখিত হইলাম, কারণ অন্ততঃ কয়েক জনকেও লইয়া যাইতে আমার নিতান্তই বাসনা ছিল। যাহা হউক সম্রাটের নিষেধের অমান্য করিলাম না। কেবলমাত্র ৬টী গাভী, ২টী ষাঁড় আর কতকগুলি মেষ ও মেষী সঙ্গে লইলাম। আহারের জন্য—চারিশত পাচকে মিলিয়া যতটা মাংস রন্ধন করিয়া দিতে পারিল তাহাই লইলাম; এবং অপক্ব অবস্থায়, একশত ষাঁড় ও তিনশত মেষের মাংস এবং প্রচুর পরিমাণে রুটী ও মদ দ্বারা নৌকা বোঝাই করিয়া লইলাম।