বিষয়বস্তুতে চলুন

পাতা:গলিভারের ভ্রমণ-বৃত্তান্ত (১৯১৩).pdf/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গলিভারের ভ্রমণ-বৃত্তান্ত।

আমেরিকা অঞ্চলে জলযাত্রা করিলাম, সঙ্গে সঙ্গে অর্থেরও কিছু সাচ্ছল্য হইল। আমার অনেকগুলি পুস্তকের সংগ্রহ ছিল। কাজেই আমার অবসরকাল প্রাচীন ও নব্য বহুবিধ সদ্‌গ্রন্থ পাঠে বেশ কাটিত। জাহাজ যখন কোনও দেশে আসিয়া লাগিত, আমি তীরে নামিয়া সেই দেশের অধিবাসীদের আচার ব্যবহার লক্ষ্য করিতাম, আর তাহাদের ভাষা শিখিতাম। আমার স্মরণশক্তি প্রখর ছিল, কাজেই সহজেই ভাষা দখল করিতে পারিতাম। ষষ্ঠবার জলযাত্রায় অনেক রকম কষ্ট পাইতে হইয়াছিল। ইহাতে সমুদ্রের উপর আমার আস্থা কিছু কমিয়া গেল; এবং আমি সঙ্কল্প করিলাম, দেশে গিয়া স্ত্রী পুত্র লইয়া সুখে বাস করিব। এই ভাবিয়া সহরের যে অংশে নাবিকদের বসবাস, সেই দিকে বাসা লইলাম। আশা ছিল, নাবিকেরা আমাকে দিয়া চিকিৎসা করাইবে। এই আশায় তিন বৎসর কাটাইলাম, কিন্তু ব্যবসায়ের কিছুমাত্র উন্নতি হইল না; অগত্যা আবার জাহাজে চাকুরী লইতে হইল। এবার “এণ্টিলোপ্‌” জাহাজের কাপ্তেন উইলিয়ম প্রিচার্ডের সহিত আমেরিকা অঞ্চলে চলিলাম।

 ১৬৯৯ সালে ৪ঠা মে তারিখে ব্রিষ্টল হইতে আমাদের জাহাজ ছাড়িল। পথিমধ্যে যে কতবার কতরকম বিপদে পড়িলাম, তাহার সবিস্তার বর্ণনা