এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মৃত দেহ লইয়া দশরথের
প্রবেশ
অন্ধ। এতক্ষণে বুঝি এলি রে!
হৃদিমাঝে আয় রে, বাছা রে!
কোথা ছিলি বনে এ ঘোর রাতে
এ দুর্যোগে, অন্ধ পিতারে ভুলি।
আছি সারানিশি হায় রে
পথ চাঁহিয়ে, আছি তৃষায় কাতর—
দে মুখে বারি! কাছে আয় রে॥
দশরথ। অজ্ঞানে করো হে ক্ষমা তাত, ধরি চরণে।
কেমনে কহিব, শিহরি আতঙ্কে।
আঁধারে সন্ধানি শর খরতর
করীভ্রমে বধি তব পুত্রবর
গ্রহদোষে পড়েছি পাপপঙ্কে॥
দশরথ-কর্তৃক ঋষির নিকটে
ঋষিকুমারের মৃতদেহ
স্থাপন
লীলা। কী বলিলে, কী শুনিলাম, এ কি কভু হয়!
এই-যে জল আনিবারে গেল সে সরযূতীরে—
কার সাধ্য বধে, সে যে ঋষির তনয়।
সুকুমার শিশু সে যে, স্নেহের বাছা রে—
আছে কি নিষ্ঠুর কেহ বধিবে যে তারে!
না না না, কোথা সে আছে, এনে দে আমার কাছে−
সারা নিশি জেগে আছি, বিলম্ব না সয়।
এখনো যে নিরুত্তর, নাহি প্রাণে ভয়!
রে দুরাত্মা, কী করিলি—