ভূমিকা
এই গেল আমার মনের কথাটা—এখন কবিতার সৌষ্ঠব কতদূর হইয়াছে, সে সম্বন্ধে আপনার কথার অপেক্ষায় রহিলাম। এবার দিল্লী, আগ্রা, গয়া, কাশী প্রভৃতি স্থান দেখিয়া মনে আরও অনেক ভাব উঠিয়াছে—বাস্তবিক ৮ দিনের মধ্যে যেন খানিকটা বাড়িয়া উঠিয়াছি। * * *
বুদ্ধগয়ায় যখন অশোক-রেলিং দেখিলাম—রাঙা পাথরে যক্ষ আঁক্ষা, যক্ষী আঁকা—বাড়ীটি গাছপালায় ঢাকা, নির্জ্জন—চারিদিকে স্তূপ—“একজন জাপানী penitent জাপান হইতে প্রেরিত বুদ্ধের কাছে থাকে—তিব্বত হইতে, সিমলা হইতে গরীব-দুঃখী আসিয়া বাস করিতেছে—বর্ম্মা হইতে কতকগুলি ঘণ্টা উপহার পাঠাইয়াছে—তখন, মনে হইল, ভারতবর্ষের একটি ছায়াঢাকা গ্রামের মধ্যে একটি করুণার উৎস আছে—কক্ষে কলস লইয়া সমস্ত এসিয়া-সুন্দরী সেখানে তৃষ্ণা মিটাইতে আসিয়াছে। মন্দিরের মধ্যে সোনার পাতে ঢাকা বৌদ্ধমূর্ত্তি দেখিয়া হৃদয় এমন ভাবে নড়িয়া উঠিল যে, তেমন হৃৎকম্প আমি পূর্ব্বে কখনো অনুভব করি নাই।
কিন্তু বুদ্ধদেব আজ স্তম্ভিত। আপনি যে হিমালয়সম্বন্ধে লিখিয়াছেন, সেইরূপ আজ—“সে প্রচণ্ড গতি অবসান।” এই প্রচণ্ড করুণার উৎসটির স্তম্ভিত গাম্ভীর্য্যের নাড়া প্রাণে অনুভব করিয়াছি। অদ্যকার পৃথিবীর সহিত মিল নাই; চতুর্দ্দিকে নূতন রাগিণী উঠিয়াছে—তাই বুদ্ধদেবও যেন ধরণীর বক্ষ-কোটরে প্রবেশ