পঞ্চম পরিচ্ছেদ
ফেলিলেন। রাণীর এক সখী একটি থালায় মধু, দধি, চন্দন, শুক্লধান এবং একটি বকুলপাতার গুচ্ছ সাজাইয়া ওই ঘরে প্রবেশ করিল। শুভশুক্লা সখীর হাত হইতে থাল লইয়া তাহাতে কুণ্ডল দুটি রাখিয়া দিলেন। এবং দু’হাতে থালাটি ধরিয়া উতঙ্কের পদতলে রাখিয়া তাঁহাকে প্রণাম করিলেন। উতঙ্ক সেই মঙ্গল অর্ঘ্য গ্রহণ করিয়া কুণ্ডল দুটি তুলিয়া লইলেন। তখন সুমধুর-কণ্ঠে রাণী কহিলেন, “ব্রহ্মচারিণ্, সাবধানে এই কুণ্ডল রক্ষা করিবেন। নাগরাজ তক্ষক এই কুণ্ডলের প্রতি লোভ প্রকাশ করিয়াছেন।”
“তাহাই হইবে” এই কথা বলিয়া উতঙ্ক উঠিয়া দাঁড়াইলেন এবং আনন্দে দুই হাত তুলিয়া রাণীকে আশীর্ব্বাদ করিলেন—“সতীমাতঃ, তুমি চিরদিন গৃহ মঙ্গলে পূর্ণ করিয়া রাখ। সীমন্তিনি, তোমার হৃদয়ের মধ্যে চিরদিন শান্তির পুষ্পবৃষ্টি হইতেছে—ভক্তি, দয়া, দাক্ষিণ্যের মাধুর্য্যে তোমার অন্তর পরিপূর্ণ—হ্রী এবং শ্রী সর্ব্বদা অদৃশ্যভাবে তোমার দেহে শ্বেত চামর বীজন করিতেছে। তুমি পৃথিবীতলে পুষ্প, স্বর্গবাসিগণ