পাছ দেউড়ি দিয়া জাএছে ঘাটক নাগিয়া[১]
নয়া সিকিয়া বাউঙ্খা ব্যাড়াএ জলতে ভাসিয়া॥
পিতলের গাড়ু আছে ডাঙ্গাত গুড়া হএয়া॥
ইহাকে দেখিয়া বান্দি ফিরিয়া ঘরত গ্যাল।
হিরা জিরা দুইটা নটিক বলিতে নাগিল॥১৯৬৫
মা জে দুস্ক দিলেন রাজাক নাটমন্দির ঘরে।
দুস্ক পাওয়া মরি গেইছে দরিয়া মাঝারে॥
পিতলের গাড়ু দুটা আছে ডাঙ্গাত গুড়া হৈয়া।
নয়া সিকিয়া বাউঙ্খা ব্যাড়ায় জলতে ভাসিয়া॥
দুস্ক পাইয়া রাজার ছাইলা গেইছে মরিয়া।১৯৭০
কি জব দিবেন এখন হাড়ির সাক্খাত জাএয়া॥
ফিরি আসি বান্দি দাসি একথা বলিল।
অন্তর ধিয়ানে হাড়ি জানিতে পাইল॥
তুর তুর বলি সিদ্দা গিজ্জিতে নাগিল।
নটি,—বার কড়া কড়ি নে তোর হিসাব করিয়া।১৯৭৫
জলদি আমার ছেইলাক জোগাওতো আনিয়া॥
চ্যালা বলি হাড়ি সিদ্দা গিজ্জিতে নাগিল।
সোনার খড়ম পাএ দিয়া নটি চটকিয়া ব্যারাল॥[২]
- ↑ পাঠান্তর—
পাছ দুয়ার দিয়া বান্দি গ্যাল চলিয়া।
আগ দুয়ারে হিরা নটি ব্যারাইল সাজিয়া॥ - ↑ গ্রীয়ার্সন সাহেবের সংগৃহীত পাঠে বান্দীর নিকট হাড়ির আগমনবার্তা শুনিবার পর—
এই কথা শুনিয়া নটী কোন কাম করিল।
ঘরর ভিতর নটী লুকিয়া রহিল॥
হাতর আসা নড়ি মারিল তুলিয়া॥
নটী লুকাইয়া রইল মনে আর মনে।
হাড়ি সিদ্ধা জানিতে পাইল অন্তর ধ্যানে॥