অকাশেতে দেখি যেন রবির কিরণ।
সেরূপ জাজ্জ্বল্য শূল ঘোর দরশন॥
অসুরের শূল দেখি দেবী হানে শূল
দৈত্যশূল শতখণ্ডে হইল নির্ম্মূল॥
দেবীশূলে দৈত্য সেনাপতি হ’ল চুর।
হস্তীতে চড়িয়া আইল চামর অসুর॥
দেবীর উপরে শক্তি ক্ষেপিল প্রচণ্ড।
দেবীর হুঙ্কারে শক্তি হৈল খণ্ড খণ্ড॥
শক্তি ভগ্ন দেখিয়া ক্রোধেতে হানে শূল!
দেবীবাণে সেই শূল হইল নির্ম্মূল॥
তবে সিংহ লম্ফ দিয়া উঠে গজপৃষ্ঠে।
বাহুযুদ্ধ দুই বীর করে একদৃষ্টে॥
হস্তী হ’তে দুই বীর ভূপৃষ্ঠে নামিল।
অতিক্রোধে বিপরীত যুদ্ধ আরম্ভিল॥
দুই বীরে যুদ্ধ করে অতি চমৎকার।
গভীর গর্জ্জনে দোঁহে করয়ে প্রহার॥
বেগে লম্ফে দুষ্টাসুর উঠিল আকাশে।
সিংহ তারে ভূমে পাড়ে অতুল সাহসে॥
অগ্নিসম জ্বলে কোপে সিংহ মহাবীর।
কামড়ে চামর প্রাণ করিল বাহির॥
শিলাবৃক্ষ ল’য়ে দেবী করি মহারণ।
উদরাক্ষ সেনাপতি করিলা নিধন॥
কঠোর চাপড় আর মুষ্টির আঘাতে।
করাল অসুর নামে পড়িল ভূমিতে॥