বিষয়বস্তুতে চলুন

পাতা:চণ্ডিকা-মঙ্গল.pdf/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চণ্ডিকা মণ্ডল।
৩৫


শত্রুকে দেখিয়া দেবী অতি ক্রোধ মন।
কোপে কালবর্ণ তাঁর হইল বদন॥
ললাট হইতে জন্মে করাল বদনা।
খড়্গহস্তা নরমুক্তা মাল্যবিভূষণা॥
অতি ভয়ঙ্কর ব্যাস্ত্র চর্ম্ম পরিধান।
দেখে লোমহর্ষ হয় আর কাঁপে প্রাণ॥
লোল জিহ্বা ভয়ানক বিস্তার বদন।
রক্ত জবা সমতুল্য লোহিত লোচন॥
সে চক্ষু তেজেতে দগ্ধ হয় দৈত্যগণ।
সৈন্যগণ ক্রমে ক্রমে করয়ে ভক্ষণ॥
হস্তী ঘোড়া যত ছিল হাজারে হাজার।
রথধ্বজ সহ দেবী করেন আহার॥
এক হস্তে ধরি দেবী মুখেতে ফেলায়।
দৈত্যেরে ভক্ষিয়া দেবী উদর ভরায়॥
যোদ্ধাগণ অশ্বরথ সারথি সহিত।
একিকালে ক্ষেপে দেবী মুখে আচম্বিত॥
ভয়ঙ্করা ভগবতী দেখে লাগে ভয়।
মাহুত সহিত হস্তী চিবাইয়া ক্ষয়॥
কাহার কেশেতে ধরে কার ধরে গলে।
পদে আকর্ষিয়া কারে ফেলে ভূমিতলে॥
তীক্ষ্ণ তীক্ষ্ণ অস্ত্র যত ছাড়ে দৈত্যগণ।
অবিলম্বে গ্রাসে তাহা করিয়ে চর্ব্বণ॥
রণে আসিয়াছে যত অসুরের সেনা।
ভক্ষণ করেন দেবী করিয়া তাড়না॥