এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নিশুম্ভ বধ।
রাজা বলে শুন হে মেধস তপোধন।
দেবীর চরিত্র যত বিচিত্র বর্ণন॥
তোমার মুখেতে শুনি হয় সবে তুষ্ট।
করুণা করিয়া কহ করি কিছু কষ্ট।
রক্তবীজ বধ কথা শুনি দৈত্য মণি।
কি করিল অতঃপর তাহা কহ শুনি॥
অতি কোপে নিশুম্ভ করিল কোন কাম।
তার পর কি প্রকারে হইল সংগ্রাম॥
মুনি বলে শুন রাজা আমার বচন।
শুম্ভে নিশুম্ভে শুনি সৈন্যের নিধন॥
দেখিলেন রক্তবীজ হ’য়েছে সংহার।
ক্রোধে প্রজ্বলিত দৈত্য অগ্নি অবতার॥
যুদ্ধে যায় নিশুম্ভ যে মুখ্য সেনাপতি।
হস্তী ঘোড়া বহু সৈন্য লইয়া সংহতি॥
চারিদিকে সুসজ্জিত বড় বড় বীর।
ক্রোধে ওষ্ঠাধর কাঁপে হইয়া অস্থির॥
মাতৃগণ আর চণ্ডী করিতে সংহার।
চলে রাজা সৈন্য লয়া করি মার মার॥
শুম্ভ ও নিশুম্ভ করে দেবী সহ রণ।
