এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬২
চণ্ডিকা-মঙ্গল।
এত বলি দেবগণে দৈত্য বিনাশিনী।
আচম্বিতে অন্তর্ধান হল নারায়নী॥
নির্ভয় হইল তবে যত দেবগণ।
যার বৃত্তি ছিল যাহা পার সর্ব্বজন॥
শুম্ভ নিশুম্ভ যদি হইল নিধন।
করিলেক ভগ্ন সৈন্য পাতালে গমন॥
মুনি বলে শুন ওহে সুরথ রাজন।
কহিলাম পার্ব্বতীর যত বিবরণ॥
আবির্ভাব হ’য়া করে সংসার পালন।
মঙ্গল দায়িনী তুমি করহ অর্চ্চন॥
হৃত রাজ্য পুনর্ব্বার পাইবে নৃপতি।
দেবীর চরণে যদি থাকে তব মতি॥
মহামায়ার মায়ার নাহি পারাবার।
সে মায়ারূপেতে ব্যাপ্ত সকল সংসার॥
মহাকালী রূপে তিনি করেন সংহার।
ব্রহ্মাণী রূপেতে সৃষ্টি করে পুনর্ব্বার॥
পুষ্প ধূপ বলিদানে পূজ মহামায়।
ধন পুত্ত্র হারা রাজ্য দিবেন তোমায়॥