এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দেবী মাহাত্ম্য।
মুনি বলে মহারাজ দেবী বিবরণ।
কহিলাম এক মনে করিবা শবণ॥
অম্বিকার প্রভাবে যে স্থির থাকে ক্ষিতি।
যোগ নিদ্রা মহাবিদ্যা খ্যাত ভগবতী॥
তুমি আর এই বৈশ্য অত্যন্ত দুঃখিত।
দুঃখ দূর হবে কার্য্য করহ উচিত॥
সেই কার্য্য বলি শুন স্মরহ ঈশ্বরী।
রাজ্য আর মুক্তিপদ পাবে অধিকারী॥
শুনিয়া মুনির কথা সুরথ রাজন।
দেবী পূজা আরম্ভিল করি প্রাণপণ॥
উভয়ের দুঃখ নিবারণের কারণ।
বৈশ্য সহ রাজা করে দেবী আরাধন॥
রাজা বৈশ্য নদীতীরে হইয়া যে স্থিতি।
একাগ্র হৃদয়ে পূজে দেবী ভগবতী॥
দেবী মূর্ত্তি মৃত্তিকাতে করিয়া গঠন।
ধূপ দীপ দিয়া করে চণ্ডিকা অর্চ্চন॥
নিরাহার শুচিভূত হ’য়া দুইজন।
অঙ্গ কাটি রুধির যে করয়ে অর্পণ॥
