এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দ্বাদশ সর্গ
সুপ্রীত-পীতাম্বর
এই সর্গ হলো গীতগোবিন্দের শেষ সর্গ। এতক্ষণ ধরে চলেছিল যে দুর্জ্জয় প্রণয়-পরীক্ষা, এখন এসেছে তার সুমধুর পরিসমাপ্তির লগ্ন। বাসকশয্যার সামনে দাঁড়িয়ে পীতাম্বর চেয়ে দেখেন মানিনী শ্রীমতীর কমল-আননের দিকে, দেখেন সে-আননে আর নেই অভিমানের চিহ্ন, তার পরিবর্ত্তে ফুটে উঠেছে সলজ্জ হাসি, ক্ষমার নিদর্শন, মিলন-শয্যার আমন্ত্রণ। শুরু হয় বহু-আকাঙ্ক্ষিত প্রেমসম্ভোগলীলা। কবি জয়দেব সেই মধুর-মিলনে পাঠকদের পৌঁছে দিয়ে বিদায় নিচ্ছেন। আমরাও এখান থেকে বিদায় নিচ্ছি, এই প্রার্থনায়, প্রত্যেক মানুষের অন্তরে যেখানে চলেছে রাধাকৃষ্ণের নিত্য রাস-লীলা, প্রত্যেক মানুষ যেন হতে পারে সেই নিত্যলীলার সঙ্গী। যে-আনন্দে প্রীত আজ পীতাম্বর সে-আনন্দে কদম্বের মত ফুটে উঠুক প্রত্যেক নর-নারীর অন্তর।