বিষয়বস্তুতে চলুন

পাতা:ছড়ার ছবি - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

আলাের সঙ্গে আকাশ যেথায় এক হয়ে যায় মিলে
শুভ্রে এবং নীলে
তীর্থ আমার জেনেছি সেইখানে
অতল নীরবতার মাঝে অবগাহন-স্নানে।
আবার যখন ঝঞ্ঝা, যেন প্রকাণ্ড এক চিল
এক নিমেষে ছোঁ মেরে নেয় সব আকাশের নীল,
দিকে দিকে ঝাপটে বেড়ায় স্পর্ধাবেগের ডানা,
মানতে কোথাও চায় না কারাে মানা,
বারে বারে তড়িৎশিখার চঞ্চু-আঘাত হানে।
অদৃশ্য কোন্ পিঞ্জরটার কালো নিষেধ-পানে,
আকাশে আর ঝড়ে
আমার মনে সব-হারানাে ছুটির মূর্তি গড়ে।
তাই তাে খবর পাই—
শান্তি সেও মুক্তি, আবার অশান্তিও তাই।

৯।৬।৩৭

আলমােড়া

৮৩