খায় নাই, মারের চোটে দৌড়া দৌড়ি করিয়া যেমন সে পলাইয়া গেল, অমনি তাহারা তাড়াদিয়া তাহাকে সহরের বাহির করিয়া দিল।
ঘরে উপস্থিত হইয়া বড় কৈলাশের ক্রোধের আর পরিসীমা রহিল না, সে রাগভরে বলিতে লাগিল, ছোট কৈলাশ অবশ্য আমাকে ইহার জবাব দিবে, দুরাত্মা আমায় বড় ক্লেশ দিয়াছে, আমি তাহাকে প্রাণে মারিয়া ফেলিব!
ইতিমধ্যে ছোট কৈলাশের বাটিতে তাহার পিতামহী মরিয়া ছিল। বুড়ী জীবদ্দশাতে তাহার প্রতি অত্যন্ত কুব্যবহার করিত, সর্ব্বদা সকল কথাতে ক্রোধান্ধ হইয়া তাহার উপর নির্দ্দয় আচার করিত, তথাপি সে তাহার মৃত্যুতে অতিশয় শোকান্বিত হইল। আপনার উষ্ণ শয্যাতে বুড়ীর মৃত দেহটি রাখিয়া দেখিতে লাগিল, যে ইহাতে তাহাকে পুনরায় জীবিত করে কি না। বুড়ীকে এই রূপ অবস্থায় সমস্ত রাত্রি রাখিয়া ঘরের এক কোণায় এক খানি চৌকি পাতিয়া আপনি ঘুমাইতে লাগিল। শুদ্ধ এবার এরূপ করে নাই, পূর্ব্বেও এই প্রকার সে অনেক বার করিয়াছিল।
দুই প্রহর রাত্রিকালে বড় কৈলাশ এক খান কুড়ালি হস্তে করিয়া ছোট কৈলাশের বাটীতে প্রবেশ করিল। যে স্থানে তাহার শয্যা আছে, তাহা সে উত্তম রূপে জানিত, অতএব একেবারে ঠিক সেই স্থলে উপস্থিত হইয়া তাহার পিতামহী বুড়ীর মৃত দেহকে ছোট কৈলাশ বোধে কুঠারাঘাত করিল। আর আহ্লাদে বলিতে লাগিল, কেমন দুষ্ট! এক্ষণে তুমি আর আমার সঙ্গে ঠাট্টা তামাসা করিবে না? তৎপরে সে হাসিতে২ ঘরে চলিয়া গেল। তদ্দর্শনে ছোট কৈলাশ সাতিশয় ভীত হইয়া মনেই চিন্তা করিতে লাগিল, কি দুরাত্মা ও আমার প্রাণ বধ করিতে উদ্যত।