বিষয়বস্তুতে চলুন

পাতা:জল ও হিজল - এনামূল হক পলাশ (২০১৯).pdf/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিকেল

এক বিকেল শূন্যতা নিয়ে
বিগত প্রেমিকার সাথে দেখা হলে
জমে থাকা দীর্ঘশ্বাস ফুরিয়ে
যাওয়ার আগেই জীবন নেমে আসে।
নেমে আসা জীবন মানে
আরোপিত দীর্ঘশ্বাসে ভরা
এক ছনক্ষেত, যার ভেতর
ছড়ানো হয় শস্যদানা।
নিষ্ফলা কাশবন জেগে
থাকে উঁচু-নিচু বিশ্বাসে,
দানাগুলো ফুটে উঠার বাসনায়
সময়কে বন্দী করে রাখে।
সময় এক বৃদ্ধ প্রতারক
সেজে বসে থাকে ঘাড়ে,
ভারে নতজানু হতে হতে
পৃথিবীতে জীবন নেমে আসে।
নেমে আসা জীবন লুকিয়ে
ফেলতে চাইলে তার ওপর
আরেকটি জীবন চেপে বসে,
জমতে থাকে অনন্ত দীর্ঘশ্বাস।
প্রতিদিন বিকেলের কাছে যাই
জীবনের নেমে আসা দেখি,
বিকেল মানেই বিগত প্রেমিকার
একটি অসমাপ্ত দীর্ঘশ্বাস।

জল ও হিজল
২৮