বিষয়বস্তুতে চলুন

পাতা:ডমরু-চরিত - ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় (১৯২৩).pdf/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পিং মহাশয়।
৯৭

যম আবেদন করিলেন যে,—'বঙ্গদেশের বিটলে কপট স্বদেশ-ভক্তগণ শীঘ্রই প্রেতত্ত্ব প্রাপ্ত হইবে। তাহাদের প্রেতকে আমার আলয়ে আমি স্থান দিতে পারিব না। তাহাদের কুহকে পড়িলে আমি উৎসন্ন যাইব। ছেলে- থেকে। বক্তারাও শীঘ্র প্রেত হবে। তাহাদিগকেও আমি স্থান দিব না। আমার ছেলেগুলি তাহা হইলে গোল্লায় যাইবে। স্বদেশী প্রবঞ্চকদিগের প্রেতকেও আমি স্থান দিতে পারিব না। আমার আলয়ে আসিয়া তাহারা হয় তো কোম্পানি খুলিয়া বসিবে। তখন যমনীকে হাতের খাড়ু বেচিয়া শেয়ার কিনিতে হইবে। তাহার পর মহাপ্রভুরা এক কড়া কাণা কড়িও উপুড় হস্ত করিবেন না। ইহাদের জন্য কোন ব্রহ্মাণ্ডে স্থান হইবে না। আপনারা ইহার ব্যবস্থা করুন।' ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অনেক ভাবিয়া চিন্তিয়া ইন্দ্রের ঘোড়া উচ্চৈঃশ্রবাকে এক ডিম্ব প্রসব করিতে বলিলেন। বিশ্বসংসারের ওপারে এই অণ্ড আছে। ইহাতে বিটলে স্বদেশভক্ত, ছেলে থেকো বক্তা ও স্বদেশী প্রবঞ্চকগণের প্রেত বাস করে। মহাশয় গিয়া অশ্বাণ্ড দর্শন করুন।”

 পিং আরও বলিলেন যে, অশ্বাণ্ডের দ্বারে এক প্রহরী আছে। প্রহরী আমাকে যে কথা জিজ্ঞাসা করিবে ও তাহার উত্তরে কি বলিতে হইবে, পিং আমাকে শিখাইয়া দিলেন।

 পিঙের নিকট হইতে বিদায় হইয়া পুনরায় আমি শূন্যপথে চলিতে লাগিলাম। সমুদ্রকূলে বালুকা-রেণুর ন্যায় কোটী কোটী ব্রহ্মাণ্ড পার হইয়া যাইলাম। অবশেষে বিশ্ব-সংসারের ওপারে দূর হইতে অশ্বাণ্ড দেখিতে পাইলাম। পরে নিকটে গিয়া উপস্থিত হইলাম। দেখিলাম যে, দ্বারে ভীষণ মূর্ত্তি প্রহরী বসিয়া আছে॥

 চীৎকার করিয়া প্রহরী আমাকে জিজ্ঞাসা করিল, – “হু কাম দার?” (Who Comes There?) আমি উত্তর করিলাম, - “ফ্রেণ্ড।” (Friend) প্রহরী বলিল,—“পাস্ ফ্রেণ্ড, অল ওয়েল।” (Pass Friend All Well)