আমি গিয়া বলিলাম,—ইংরেজ প্রজার ধর্মে হস্তক্ষেপ করিবেন না। সাগর অতি ভয়ানক বস্তু। জগন্নাথে গিয়া আমি দেখিয়াছি। তিনটা ঢেউ খাইয়া আমার প্রাণ ওষ্ঠাগত হইয়াছিল। সে সাগর পারে কেহ যাইলে হিন্দু ধর্ম্মের গন্ধটী পর্য্যন্ত তাহার গায়ে থাকে না।
আমি পুনরায় বলিলাম,—আর দেখুন, ঢাক মহাশয়! বিলাত গেলে বরং নিষ্কৃতি আছে। বিলাত গেলে সাহেব হয়, সাহেবি পোষাক পরে, সাহেবি খানা খায়। তা এখন বিলাত না গিয়াও লোকে এই কাজ করিতেছে। কিন্তু বোগদাদে গমন করিলে লোকে মোল্লা হয়। মোল্লা হইয়া পীরের গান করে'। বলে, —
‘হুঁকো বন্দিলাম, কলকে বন্দিলাম, আর বন্দিলাম টিকে।
আর তালগাছে বন্দিলাম প্রভু চামচিকে॥”
তাহার পর সে আরব্য উপন্যাসের দেশ। জিন, দৈত্য ও দানবীতে পরিপূর্ণ। গুজব এই যে, আপনার জামাতা একটা দৈত্য সঙ্গে করিয়া আনিয়াছে। অতএব এরূপ লোকের সহিত কোন সংস্রব রাখিবেন না। তাহার বাড়ীতে আপনার কন্যাকে পাঠাইবেন না। ঢাক মহাশয় তাহাই স্থির করিলেন।
চতুর্থ পরিচ্ছেদ।
সন্দেশের হাড়ী।
কিন্তু ঢাক মহাশয়ের কন্যা কালিকা তাহাতে সম্মত হইলেন না। তিনি শ্বশুর বাড়ী ঘাইবার নিমিত্ত মাতার নিকট কাঁদিতে লাগিলেন। স্বামীর নিকট তাঁহাকে পাঠাইবার নিমিত্ত মাতা ঢাক মহাশয়কে অনেক অনুরোধ করিলেন। কিন্তু ঢাক মহাশয় কিছুতেই সম্মত হইলেন না। তিনি বলি-