বিষয়বস্তুতে চলুন

পাতা:ডমরু-চরিত - ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় (১৯২৩).pdf/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

তৃতীয় গল্প।

প্রথম পরিচ্ছেদ।

নন্দীর ক্রোধ।

 ডমরুধরের পূজার দালান। প্রতিমা প্রস্তুত হইয়াছে। প্রতিমার সম্মুখে ডমরুধর, তাঁহার পুরোহিত ও বন্ধুবান্ধব বসিয়াছেন।

 ডমরুধর বলিলেন,—কলিকাতায় একবার এক খোলার ঘরের আগড়ের উপর একখানি কাগজ দেখিলাম। তাহাতে লেখা ছিল—ভাগ্য গণনা /• এক আনা।

 গণৎকারের নিকট আমি গমন করিলাম। অনেক কচলা-কচলি করিয়া শেষে এক পয়সায় রফা হইল। দৈবজ্ঞ হাত দেখিবার উপক্রম করিতেছেন, এমন সময় আমার একবার হাঁই উঠিল। তোমরা আমার হাঁই অনেকবার দেখিয়াছ।

 প্রথম হইতেই আমার রূপ দেখিয়া গণৎকার মোহিত হইয়াছিলেন। তাঁহার পর তাঁহার সহিত যখন দর কসাকসি করি, তখন তাঁহার মন আরও প্রফুল্ল হইয়াছিল। এখন আমার হাঁই দেখিয়া তিনি একেবারে আনন্দে অভিভূত হইয়া পড়িলেন।

 অধিক আর গণিতে গাঁথিতে হইল না। হাতটী ধরিয়াই তিনি বলিলেন,—“মহাশয় মনুষ্য নহেন। মহাশয় কার্ত্তিকেয়, যাঁহাকে ষড়ানন বলে, মা দুর্গার কনিষ্ঠ পুত্র। অবতার হইয়া পৃথিবীতে জন্মগ্রহণ করিয়াছেন।”