১৮৭২ সনে আমি খুব পীড়িত হইয়া পড়ি। তাহার পর আমার হাতে ও বাহুতে বিসর্প রোগ (Erysipelas) দেখা দিল। আমি ডাক্তার ‘আর’এর চিকিৎসায় একটু ভাল হইবার পর, দুই হাতেই আমার আঙূল- হাড়া (whitlows) হইল। ইহাতে এত অসহ্য যন্ত্রণা হইল যে, আমি দিন রাত্রি কেবল পায়ের উপরই থাকিতাম; তাহাতে পায় ফোস্কা পড়িল। ইহার মধ্যে আবার কিছু দিন আমার মাথায় খুব যন্ত্রণা হইল (neuralgia)—তখন আমি আর চলিতে পারিতাম না। আমার শারীরিক যন্ত্রণা এত অধিক হইয়াছিল যে, আমি বার বার মৃত্যুর জন্য প্রার্থনা করিয়াছি। কিন্তু তখন ভাবি নাই যে, ঈশ্বর আমার প্রার্থনা পূর্ণ করিলে কি হইত। তথাপি, তিনি আমাকে এত ভালবাসেন, এবং আমার প্রতি তাঁহার এত করুণা যে, তিনি আমার প্রার্থনা অপূর্ণ রাখিয়া আমাকে আবার দাঁড় করিয়া তুলিলেন।
১৮৭৫ সনে চিকিৎসক আমার ডান হাতের সমস্ত কয়টি এবং বাম হাতের দুইটি নখ তুলিয়া ফেলিলেন। তাহাতে ভীষণ যন্ত্রণা হইল। নখ তুলিবার পূর্ব্বে ক্লোরোফর্ম (chloroform) প্রয়োগ করিতে হইয়াছিল। ইহার পর আমার অবস্থা এত খারাপ হইল যে, আমাকে কয়েক সপ্তাহ শয্যাশায়ী হইয়া থাকিতে হইয়াছিল। তাহার পর একটু ভাল হইলে, আবার আমার বিসর্প রোগ (erysipelas) দেখা দিল। আমার