এবং আমার হাত বস্ত্র-বন্ধনীতে সকল সময় ঝুলাইয়া আমি একটু চলাফেরা করিতে পারিতাম। আমার মনে হইল, আমি আবার ক্লাস নিতে পারি। ইহাতে তত্ত্বাবধায়ক মহাশয়, শিক্ষয়িত্রীগণ, ছাত্রীবর্গ এবং সেই প্রদেশবাসিদিগের নিকট হইতে আমি এমন সাদর সম্ভাষণ পাইলাম যে, আর কখনও তাহা ভুলিতে পারিব না।
আমার শরীর খুব খারাপ হওয়াতে, ১৮৮৩ সনের জুন মাসে বাধ্য হইয়া আমাকে কর্ম্ম পরিত্যাগ করিতে হইল। এখন আমার পক্ষে আর কোন পরিশ্রমের কাজ, করা সম্ভবপর নয়। ইহা আমার পক্ষে কঠিন পরীক্ষা; কিন্তু ঈশ্বর আমার জন্য অন্য কর্ম্ম রাখিয়াছেন, এবং আমাকে অন্য প্রকার শিক্ষা দিতে চাহেন।
যে অল্প সময় আমি আমার ছাত্রীদের সঙ্গে ছিলাম, তাহার জন্যই আমি বার বার আমার স্বর্গীয় পিতাকে ধন্যবাদ প্রদান করিয়াছি। তাহারা আমার প্রতি যে ভালবাসা ও সহানুভূতি দেখাইয়াছে, তাহা তাহাদের বয়সের তুলনায় অত্যদ্ভূত বলিয়া মনে হয়। প্রথম শ্রেণীর একটি ও দ্বিতীয় শ্রেণীর দুইটি বালিকা সময় সময় আমাকে দেখিতে আসিত, ও মাঝে মাঝে আমাকে চিঠি লিখিত। আমাকে এরূপ আনন্দ দান করা, আমার প্রেমময় ত্রাণকর্ত্তার বিশেষ করুণার কাজ। আমি তাহাদের সঙ্গ ও চিঠিতে কত আনন্দ লাভ করিতাম! তাহাদের মধ্যে একজন আমার