খুলিয়া যখন দেখিলাম, তাহার মধ্যে একখানা বড় অক্ষরে ছাপান শিক্ষকদের বাইব্ল্ আছে, তখন আমি আশ্চর্য্যান্বিত হইয়া গেলাম। অক্ষরগুলি বড় হওয়াতে আমি অনায়াসে বইখানা পড়িতে পারিতাম, এবং আনন্দে কাঁদিয়া ফেলিলাম। এই অমূল্য গ্রন্থখানা পাইয়া আমি যখন দেখিলাম, তাহাতে লিখা রহিয়াছে, “কুমারী এইচ্কে তাহার প্রাচীন বন্ধু ও সহকর্মী ডব্লিউ এইচ্ হইতে”, তখন আমার অপার আনন্দ হইল। আমার পরিত্রাতার চরণে এই মনে করিয়া অত্যন্ত কৃতজ্ঞ হইলাম যে, তিনি আত্মীয় বন্ধুগণের মধ্য দিয়া তাঁহার কত প্রসাদ আমাকে প্রদান করিয়াছেন!
১৮৮৯ সনের নভেম্বর মাসে বাম বাহুর গোড়ার দিকে একটি, এবং পরে আরও অনেকগুলি, ফোঁড়া হইয়াছিল। কয়েকটা অস্ত্র করিতে ও একখণ্ড হাড় বাহির করিয়া ফেলিতে হইয়াছিল। আবার পচন আরম্ভ হওয়াতে, কনুইর ওপরের দিকটা কাটিয়া ফেলিতে হইয়াছিল। অস্ত্রপ্রয়োগটা বেশ ভাল ভাবেই হইল, এবং শীঘ্রই ঘা সারিয়া গেল। এই সময় ডাক্তার ম্যাক্ আমার নিকট ছিলেন। ইহা আমার নিকট একটা কঠিন পরীক্ষা হইয়াছিল। আমি বুঝিতে পারিতেছিলাম না, কেন আমার মতন অকর্ম্মণ্য লোক এখানে পড়িয়া থাকে, আর যাহারা এখানে কত কল্যাণ-কর্ম্ম সম্পন্ন করিতেছে, তাহারা চলিয়া যায়!