পড়িল। তিনি অল্পক্ষণ থামিলেন, এবং তাহার পর আবার বলিলেন, ‘আমি ঈশ্বরের নিকট প্রার্থনা করিব, যেন তিনি দয়া করিয়া তোমার জন্য এমন একজন লোক প্রেরণ করেন, যিনি সূর্য্যালোকের মতন তোমার জীবনকে সমুজ্জ্বল করিতে ও তোমার যাত্রাপথকে আনন্দিত করিতে পারেন, এবং আর কিছু করিতে না পারিলেও, তোমার যন্ত্রণার একটু উপশম করিতে সমর্থ হন।’ (অথবা এইরূপ ভাবের কথা বলিলেন।) পরবর্তীকালে ঈশ্বর আশ্চর্য্যরূপে এই প্রার্থনা পূর্ণ করিয়াছিলেন।
আমার প্রিয় বন্ধুর শেষ কথা ছিল এই:—‘আমার জন্য উদ্বিগ্ন হইও না। ঈশ্বর আমাদের উভয়েরই তত্ত্বাবধান করিবেন। এখন চলিলাম, আবার কাল প্রাতে দেখা হইবে।’ তাঁহার সঙ্গে আমার আর দেখা হয় নাই; ১৮৯২ সনের ১০ই জুলাই যীশু তাঁহাকে ডাকিয়া লইয়াছিলেন। ‘হে প্রিয়, আবার নবদিবাগমে অন্ধকারের তিরোভাব না হওয়া পর্য্যন্ত বিদায়।’
ডাক্তার ম্যাক্ আমার একজন বিশ্বস্ত বন্ধু; ষোল বৎসরেরও অধিক কাল হইতে তাঁহার সঙ্গে আমার বন্ধুত্ব। তাঁহার অভাব আমার নিকট দুঃসহ মনে হইয়াছিল। আমি বুঝিতে পারিতেছিলাম না যে, এই বিপদ্ হইতে আমার কোনও প্রকার মঙ্গল সংসাধিত হইতে পারে। ইহাতে যেন আমার অত্যধিক দুর্ব্বল দেহ নিষ্পিষ্ট হইয়া