তিনিই ডাক্তার ম্যাকের প্রার্থিত আমার জীবনপথের সূর্য্যালোক।
আমার সকল ভয় চলিয়া গিয়াছিল। আমি পরিপূর্ণ সন্তোষলাভ করিয়াছিলাম। পরদিন আমাকে যখন অস্ত্রোপচার গৃহে (operating room) লইয়া যাওয়া হইয়াছিল, তখন আমি বাঁচি কি মরি উভয় অবস্থায়ই আমার কল্যাণ হইবে, এবং আমি নিরাপদে অবস্থিতি করিব মনে করিয়া সম্পুর্ণরূপে নিশ্চিন্ত ছিলাম।
দুই এক দিন পরে আমি আমার শুশ্রূযাকারিণী ধাত্রীকে (nurse) জিজ্ঞাসা করিয়াছিলাম, ‘কে আমার উপর অস্ত্র-প্রয়োগ করিয়াছিলেন?’ তিনি বলিলেন, ‘ডাক্তার ‘বি’।’ তিনি আমার নিকট সূর্য্যকিরণরূপে প্রতিপাদিত হইয়াছিলেন।
ডাক্তার ও শুশ্রূষাকারিণীরা আমার প্রতি সুপ্রসন্ন ছিলেন। সম্পূর্ণ অসহায় অবস্থায় আমার দিন রাত্রি কাটিতেছিল, কিন্তু তাঁহারা খুব আগ্রহের সহিত আমার কর্ম্ম করিতেছিলেন। আমি তাঁহাদের যথেষ্ট প্রশংসা করিয়া শেষ করিতে পারি না।
আমি বাড়ী ফিরিবার পর ঘায়ের উপর প্রথম একটা, তাহার পর আরও তিনটা, স্ফোটক হইয়াছিল। খুব বেদনা হওয়াতে আমি অত্যন্ত দুর্ব্বল হইয়া পড়িয়াছিলাম। ডাক্তার ‘এইচ’ আবার আমার চিকিৎসা আরম্ভ করিলেন।