অনুবাদকের নিবেদন
ইহা একখানি অপূর্ব্ব গ্রন্থ। মানুষের জীবনে যে এমন শারীরিক দুঃখ ঘটিতে পারে, তাহা কল্পনাও করিতে পারি নাই। এই ভক্তিমতী মহীয়সী নারী যে এমন প্রসন্নচিত্তে এই বেদনার দান বহন করিয়াছেন, তাহা ভাবিয়া শ্রদ্ধা ও বিস্ময়ে তাঁহাকে নমস্কার করিয়াছি, এবং ভগবৎ চরণে এই প্রার্থনা করিয়াছি যে, যদি তাঁহার বিধানে দুঃখ আসে, তাহা হইলে তাহা যেন নির্ভরের ভাবে অনুপ্রাণিত হইয়া শান্তচিত্তে বহন করিতে পারি। এই গ্রন্থখানা পাঠে যদি একটি আর্ত্তের মনেও এই আদর্শ জাগ্রত হয়, তাহা হইলে আমার শ্রম সার্থক হইয়াছে মনে করিব।
গ্রন্থকর্ত্রী খ্রীষ্টধর্ম্মবিশ্বাসিনী। তাই তিনি পুনঃ পুনঃ যীশুর নাম উল্লেখ করিয়াছেন। ইহাতে একটা বিষয়ে ভ্রান্ত সংস্কারের পরিচয় পাওয়া গেলেও, সর্ব্বত্র আরাধ্য দেবতার কথাই বলা হইয়াছে মনে করিলে, বোধ হয় অন্য ধর্ম্মাবলম্বী পাঠকদের অন্তর্নিহিত আধ্যাত্মিক সত্যটা বুঝিতে কোনও অসুবিধা হইবে না।
শ্রদ্ধেয় বন্ধু শ্রীযুক্ত বরদা কান্ত বস্তু মহাশয় নানা ভাবে আমাকে সাহায্য করিয়াছেন। তাঁহার সাহায্য ভিন্ন এই গ্রন্থ প্রকাশ করা সম্ভবপর হইত না। আমি এই জন্য তাঁহার নিকট বিশেষ কৃতজ্ঞ আছি।