হঠাৎ ডাক্তার ‘বি’ আমাকে দেখিতে আসিয়াছিলেন। অনেকক্ষণ তাঁহার সঙ্গে আমার কথা বার্ত্তা হইয়াছিল; তিনি আমার চিকিৎসার ভার লইতে প্রস্তুত হইলেন। আমি আমার অবস্থার কথা তাঁহাকে জানাইলাম, তাহাতে তিনি বলিলেন যে, বন্ধুভাবেই আমার চিকিৎসা করিবেন। পরন্তু, ডাক্তার ‘এইচ’কে এ কথা বলাতে তিনিও সুখী হইয়াছিলেন। কাজেই আমি আনন্দের সহিত ডাক্তার ‘বি’র প্রস্তাবে সম্মত হইয়াছিলাম। তাহার পর থেকে তিনি সর্ব্বদাই আমার চিকিৎসা করিয়া আসিতেছেন, এবং তাহা সফলতার সহিত সম্পন্ন করিয়াছেন। আমার পা খানা এখনও ভাল আছে। বিবর্ণতা চলিয়া গিয়াছে, কিন্তু তাহা সত্ত্বেও খুব বেদনা আছে। আমি এক বারও অজ্ঞান হই নাই। অথবা আমার উপর আর কোনও অস্ত্রোপচার হয় নাই। আমার মস্তিষ্ক ও অন্যান্য স্থানে বেদনা আছে সত্য, কিন্তু আমার জটিল ব্যারামের তুলনায় তাহা সামান্য।
তিনি অনেক কাল হইতে আমার নিকট অবিচলিত সূর্য্যকিরণ হইয়া রহিয়াছেন, এবং এখনও তেমন আছেন। তিনি যে অনেক সময় শুধু আমার শরীরের যন্ত্রণা দূর করেন তাহা নহে, কিন্তু তাঁহার হাসিমুখের উৎফুল্ল কথা দ্বারা বার বার আমাকে নূতন আশায় অনুপ্রাণিত করেন—সকল দিক দিয়া তিনি আমার একজন খাঁটি বন্ধু। ভগবানের এইরূপ করুণা তাঁহার দৈনন্দিন প্রেমের পরিচয় দেয়, এবং