বিষয়বস্তুতে চলুন

পাতা:দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র - তারাপদ বন্দ্যোপাধ্যায় (১৮৯৫).djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০
দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র।

ও অনেকগুলি চাকরের বাড়ী ও দোকান-ঘর আছে। দার্জ্জিলিঙ্গে শীতাধিক্য বলিয়া অনেক শৈল-বিহারী এই স্থানে বাস করেন। ইহার পরেই ক্লারেন্‌ডন হোটেল ষ্টেশন। একটী বৃহৎ হোটেল এই স্থানে আছে। উহা সাহেবগণের মধ্যাহ্ন-ভোজনের স্থান। প্রায় আধ ঘণ্টা কাল এখানে গাড়ী অপেক্ষা করিল। গাড়ী থামিবামাত্র, সাহেব ও মেম সাহেবগণ, লম্ফ প্রদানপূর্ব্বক অবতীর্ণ হইলেন এবং হর্ষোৎফুল্লমনে হোটেল-গৃহে প্রবেশপূর্ব্বক ক্ষিপ্রহস্তে কাঁটা ও ছুরি পরিচালনা করিতে লাগিলেন। তাঁহাদের বদনবিনির্গত ‘চপ্’ ‘চপ্’ শব্দ গিরিগহ্বরে প্রবেশপূর্ব্বক নিদ্রাগতা প্রতিধ্বনি-সুন্দরীকে জাগাইয়া দিল। শ্বেতাঙ্গগণ উদর পূর্ণ করিবা সানন্দে প্রত্যাগত হইলেন। কিন্তু আমাদের অদৃষ্ট-লিপি স্বতন্ত্ররূপ। দুৰ্গন্ধময় কৃষ্ণবর্ণ পুরী ও পূতিগন্ধবিশিষ্ট মিষ্টান্ন শুইয়া কয়েক জন পাহাড়িয়া, ব্রাহ্মণ বলিয়া পরিচয় দিয়া, আমাদের শকট-দ্বারে উপনীত হইল। তাহাদের গাত্রবস্ত্রের দুর্গন্ধে মাতৃদুগ্ধ পর্য্যন্ত উঠিয়া পড়িবার উপক্রম হইল; কিন্তু জঠরানলের অসহ্য জ্বালায় সেই আহারীয় দ্রব্যই সুধা-জ্ঞানে উদরজাত করিলাম।