জলা পাহাড়।
১৭ই জুন সোমবারে আমরা জলা পাহাড়ে উঠিলাম। জলা পাহাড় ৭৮৯৬ ফিট্ উচ্চ। উঠিবার রাস্তা মন্দ নহে, কিন্তু আমার মত উচ্চোদর-বিশিষ্ট ব্যক্তির পক্ষে উর্দ্ধ্বগমন একরূপ অসাধ্য ব্যাপার। কি করিধ, এক দাণ্ডি আরোহণে গিন্নি ও দ্বিতীয় দাণ্ডি আরোহণে আমি পর্ব্বতোপরি উঠিতে লাগিলাম। চারি জন বিপুলবলশালী ভুটিয়া আমাকে অতি কষ্টে লইয়া চলিল। এখানে পুরুষে প্রায় দাণ্ডি আরোহণ করে না, বৃদ্ধ ও রোগীর ভিন্ন কথা। একটী স্থূলকায়, দৃশ্যতঃ বলিষ্ঠ, অনতিবৃদ্ধ পুরুষকে দাণ্ডিতে আরূঢ় দেখিয়া অনেকেই হাস্য করিল। যখন অন্য লোকের সহিত দেখা হয়, তখন আমি অন্যমনস্কের ন্যায় প্রগাঢ় চিন্তায় নিমগ্ন হইতে চেষ্টা করি এবং আমাকে দেখিয়া লোকে হাসিতেছে, এ কথা মনকে বুঝিতে বারণ করি; কিন্তু মন বড়ই নির্ব্বোধের ন্যায় কাজ করিয়াছিল, কিছুতেই বুঝে নাই। লোকের হাসি দেখিয়া লজ্জিত হইয়াছিলাম বটে, কিন্তু হাঁটিয়া উঠিতে সাহস হয় নাই। উঠিবার সময়ে নিম্ন দিকে দৃষ্টি করিয়া আনন্দে