বেড়াইবার স্থান। সকল বর্ণের সকল শ্রেণীর লোক এখানে বেড়াইতে আইসে। ইংরেজ-ললনা চৌরাস্তার বড়ই পক্ষপাতী। কোন রমণী, অশ্বপৃষ্ঠারূঢ়া হইয়া সহাস্যবদনে অশ্ব-চালনা করিতেছেন, কেহ ‘বিচিত্রবিনোদ-বস্ত্রে’ আবৃতা হইয়া দাণ্ডি আরোহণে বিচরণ করিতেছেন, আবার কোন শুভ্রাঙ্গনা মাংস-বিবর্জ্জিত সুদীর্ঘ হস্তে রেশম-নির্ম্মিত আতপত্র ধারণপূর্ব্বক ঘন ঘন পাদবিক্ষেপ করিতেছেন। লেপ্চা-রমণীগণ, নবনীতনির্ম্মিত সুদর্শন ইংরেজ-শিশু লইয়া ইতস্ততঃ বেড়াইয়া বেড়াইতেছে। কোন বালক পারাম্বুলেটরে উপবিষ্ট হইয়া ঘুরিয়া বেড়াইতেছে। ননীর পুত্তলী বালক বালিকাদিগকে বড়ই ভাল লাগিল। একটী হৃষ্টপুষ্ট বালক দেখিয়া মনে হইল চার্লস্ ল্যাম্ব (Charles Lamb) সাহেব বড়ই সারগ্রাহী ব্যক্তি ছিলেন। এই বালকটাকে রোষ্ট (Roast) করিলে, আহারে অপূর্ব তৃপ্তি জন্মে। ‘রোষ্টের’ কথা মনে উদয় হইবামাত্র জঠরানল জ্বলিয়া উঠিল; বেগে গৃহাভিমুখে প্রস্থান করিলাম, এবং প্রাণপণে উদর পূর্ণ করিয়া নিদ্রা-দেবীর কোমল ক্রোড়ে শয়ন করিলাম। বৈকালে বড়ই বৃষ্টি হইল।
পাতা:দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র - তারাপদ বন্দ্যোপাধ্যায় (১৮৯৫).djvu/৩৮
অবয়ব
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
জলা পাহাড়।
২৭