এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮০
দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র।
দার্জ্জিলিঙ্গের অধিবাসী।
নেপালী, ভুটিয়া, লেপ্চা, কোচ, মেচ ঢিমাল এই কয়েক জাতি এখানকার আদিম অধিবাসী। ইহাদের সংক্ষেপ বিবরণ নিম্নে লিপিবদ্ধ করিলাম।
১। নেপালী।
নেপালীদের মধ্যে ব্রাহ্মণ প্রভৃতি অনেক বর্ণের লোক আছে। গুরুং, কামি, মুর্ম্মি, খাম্বু, লিম্বু, মঙ্গার ও নেওয়ার তন্মধ্যে প্রধান। নেপালীগণ কৃষিকার্য্যে ও চা-ক্ষেত্রের কার্য্যে বিশেষরূপে দক্ষ। ইহারা পরিশ্রমী, সাহসী ও বলিষ্ঠকায়। নেপালী ব্রাহ্মণদের উপনয়ন, চূড়াকরণ এবং বিবাহাদি ক্রিয়াকলাপ বৈদিকমতে সম্পাদিত হয়। বিবাহে পৌরোহিত্য-ক্রিয়া প্রয়োজনীয়। ইহাদের মধ্যে স্ত্রীস্বাধীনতা আছে, কিন্তু বারাঙ্গনা-প্রথার প্রতি বড় কঠিন শাসন। এমন কি ব্যভিচারিণী স্ত্রী ও তাহার উপপতির প্রাণ-সংহার করিলেও স্বামী দণ্ডনীয় হয়