পরিশিষ্ট (খ)
সংযম ও ইন্দ্রিয় পরায়ণতা[১]
যৌন ব্যপারটি বড় অদ্ভুত, কারণ যদিও ইহার সহিত আমরা সকলেই মুখ্য এবং গৌণরূপে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত এবং আজ হউক কাল হউক সকল লোকেরই জীবনের এক সময় ইহা চিন্তার বিষয় হইয়া উঠে, তথাপি আমরা পরস্পরের মধ্যে বিশেষতঃ স্ত্রী-পুরুষের মধ্যে ইহার আলোচনা করি না, যেন সমগ্র মানবসমাজ এ বিষয়ে নীরবতার ষড়যন্ত্র করিয়াছে। মানবজীবনের এই অত্যন্ত কৌতুকাবহ বিষয়টিকে অন্য সকল রহস্য অপেক্ষা আমরা গোপন করিয়া রাখিয়াছি। কোনো ধর্ম্ম বিষয়েও এতটা গোপনভাব অথবা সম্ভ্রম রক্ষিত হয় না। প্রেমের বাহিরের দিকগুলি লইয়া বাগাড়ম্বর করা হইয়া থাকে বটে, কিন্তু আমার মনে হয়, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যেও যৌনব্যাপারের সুখ ও ভয়ভাবনাগুলি লইয়া সচরাচর বলাবলি হয় না। শেকার[২] (Shaker) সম্প্রদায় এই ব্যাপারটি সম্বন্ধে মুখে বলিয়া যত না ইহাকে বাড়াইয়া তোলে, সমস্ত মানবসমাজ এ বিষয়ে নীরব থাকিয়া ইহাকে তাহার চেয়ে বেশী বাড়াইয়া তুলিয়াছে। অবশ্য কিছু বলার মত না থাকিলে এ বিষয়ে অথবা কোনো বিষয়েই কেবল কথা কহিয়া কোনো লাভ নাই। কিন্তু এই বিষয়ে প্রকৃত আলোচনার অভাব দেখিয়া বলা যায় যে এদিকে মানুষের শিক্ষা সবেমাত্র আরম্ভ হইয়াছে।