এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৮
দুর্য্যোধন বধ কাব্য।
মহারাজ। রোপিয়াছ মহাপাপ বৃক্ষ,
দিনে দিনে বাড়ায়েছ তাহা পাপরূপ
বারি দানে; ফলোন্মুখ এবে সেই বৃক্ষ;
মহারাজ, কে ভুঞ্জিবে বল, সেই সব
পাপ ফল, তুমি নহে যদি? হায়, নাথ!
বৃথা অনুতাপ তবে কি কারণে কর।”
নিরুত্তর কুরুপতি শুনিয়া গান্ধারী
কথা। বিবর্ণ বদন তাঁর, ম্লান মুখ-
কান্তি; নিদারুণ অনুতাপ, শোক, ক্ষোভ,
যুগপৎ আচ্ছাদিল হৃদয় তাঁহার,—
বিষম বেদনা যেন স্পর্শিল তখনি
হৃদয়ের অন্তস্তলে; ক্ষণেক নীরব
থাকি, দীর্ঘশ্বাস ফেলি, কহিতে লাগিল;—
“যে অসহ্য পুত্রশোক গান্ধারি সুন্দরী,
পশিয়াছে হৃদয়ের মর্ম্মভেদ করি,
না পারি সহিতে আর যাতনা তাহার।”
নিরবিল কুরুপতি এতেক কহিয়া।
তিতিল নয়ননীর দ্বিগুণ প্রবাহে,
ভাসাইল বক্ষদেশ; কাঁদিয়া উঠিল
মুক্তস্বরে অভাগিনী মাতা, শোকবেগ