এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দুর্য্যোধন বধ কাব্য।
প্রথম সর্গ।
নমি আমি, শ্বেতভুজে, তব রাঙ্গা পায়
তুমিই ভরসা মম। বাসনা করেছি
মনে, তোমার কৃপায়, কবিতা-কাননে
আজি পশিব যতনে; যথা নানা জাতি
ফুল ফোটে দিবানিশি। সৌরভে তাহার
মরি আমোদিত সদা এ মহীমণ্ডল।
সেই সে কাননে পশি, মনের হরষে,
তুলিব বিবিধ ফুল, গাঁথিব সুন্দর
মালা; পরিমল তার, ছুটিবে চৌদিকে:
হেন উচ্চ অভিলাষ জন্মিয়াছে মনে।
দাসের এ অভিলাষ পূরাবে কি দেবি,
দিয়া মোরে পদ ছায়া? হায়, কোন্ গুণে
মাতঃ করিতেছি আমি এ হেন সাহস?