প্র। ভাই, কেহ তীর্থ করিলে সে কথা আপনার মুখে বলে না।
ন। সে আবার কি?
সাগর। বুঝ্তে পারিস্ নে? কাল উনি আমাকে তাড়াইয়া আমার পালঙ্কে, বিষ্ণুর লক্ষ্মী হইয়াছিলেন। মিন্সে আবার সোহাগ ক’রে আঙ্গটি দিয়েছে।
সাগর নয়ানকে প্রফুল্লের হাতে ব্রজেশ্বরের আঙ্গটি দেখাইল। দেখিয়া নয়নতারা হাড়ে হাড়ে জ্বলিয়া গেল। বলিল, “দিদি, ঠাকুর তোমার কথার কি উত্তর দিয়াছেন, শুনেছ?”
প্রফুল্লের সে কথা আর মনে ছিল না, সে ব্রজেশ্বরের আদর পাইয়াছিল। প্রফুল্ল জিজ্ঞাসা করিল, “কি কথার উত্তর?”
ন। তুমি জিজ্ঞাসা করিয়াছিলে, কি করিয়া খাইবে?
প্র। তার আর উত্তর কি?
ন। ঠাকুর বলিয়াছেন, চুরি ডাকাতি করিয়া খাইতে বলিও।
“দেখা যাবে” বলিয়া প্রফুল্ল বিদায় হইল।
প্রফুল্ল আর কাহারও সঙ্গে কথা কহিল না। একেবারে বাহিরে খিড়কীদ্বার পার হইল। সাগর পিছু পিছু গেল। প্রফুল তাহাকে বলিল, “আমি, ভাই, আজ চলিলাম। এ বাড়ীতে আর আসিব না। তুমি বাপের বাড়ী গেলে, সেখানে তোমার সঙ্গে দেখা হইবে।”
সা। তুমি আমার বাপের বাড়ী চেন?
প্র। না চিনি, চিনিয়া যাইব।
সা। তুমি আমার বাপের বাড়ী যাবে?
প্র। আমার আর লজ্জা কি?
সা। তোমার মা তোমার সঙ্গে দেখা করিবেন বলিয়া দাঁড়াইয়া আছেন।
বাগানের দ্বারের কাছে যথার্থ প্রফুল্লের মা দাঁড়াইয়া ছিল। সাগর দেখাইয়া দিল। প্রফুল্ল মার কাছে গেল।
সপ্তম পরিচ্ছেদ
প্রফুল্ল ও প্রফুল্লের মা বাড়ী আসিল। প্রফুল্লের মার যাতায়াতে বড় শারীরিক কষ্ট গিয়াছে—মানসিক কষ্ট ততোধিক। সকল সময় সব সয় না। ফিরিয়া আসিয়া