আছে। হোটেলে ইণ্ডিয়ানদের প্রবেশ নিষেধ। হোটেলের পাশেই কতকগুলি নিগ্রো বাস করে। তাদের বাড়ীতে আশ্রয় নেওয়া ছাড়া গত্যন্তর ছিল না। একটি নিগ্রো গৃহের সামনে দাঁড়ালাম। গৃহিণী বাইরে এসে কি চাই জিজ্ঞাসা করলেন। গৃহিণীকে একটি শিলিং উপহার দিয়ে থাকতে চাই জানালাম। গৃহিণী আমার আবেদন গ্রাহ্য করলেন এবং ঘরের এক কোণে আমার থাকার স্থান দেখিয়ে দিলেন। কিন্তু এতেই সন্তুষ্ট থাকা উচিত ছিল, কিন্তু মন অন্য ধরণে গঠিত বলে চুপ করে বসে থাকা সম্ভব হল না। চা, চিনি, চাল, নূন, মাখন ইত্যাদির জন্য আর একটি শিলিং দিলাম এবং ইংগিতে জানালাম আমার এসবের দরকার, রাত্রে খেতে হবে। এতগুলি বিষয় ইংগিতে যে-কোন সভ্য অথবা অসভ্য জাতের লোককে বুঝানো সম্ভব হয় কিন্তু ভারতবাসী হয়ে ভারতবাসীকে এতগুলি কথা ইংগিতে বুঝানো সম্ভব হয় না। কেন যে হয় না তার কারণ এখনও নির্ণয় করতে সক্ষম হই নাই।
গৃহিণী সকল কথা বুঝে শিলিং নিয়ে ঘরের বাইরে গেল এবং দরকারী জিনিসগুলি নিয়ে এল। পাকের ব্যবস্থা আরম্ভ হল! নিগ্রোরা যদিও একটু অপরিষ্কার, তবুও তাদের অপরিষ্কারতা মোটেই চোখে পড়ল না। যখন ক্ষুধায় পেটের নাড়ীগুলি পর্যন্ত জ্বলতে থাকে তখন পরিষ্কার পরিচ্ছন্নতার কথা মনে হয় না।
গৃহিণী যখন পাক করছিল তখন তার স্বামী এবং পুত্র-কন্যাগণ আমাকে ঘরে দেখে প্রত্যেকে অবাক হয়ে গেল। তারা হয়ত ভেবেছিল তাদের মা নূতন স্বামী গ্রহণ করেছে। গৃহিণীর স্বামী ত আমাকে প্রত্যক্ষ সংগ্রামে আহ্বানে করতে চাইছিল, কিন্তু গৃহিণী যখন আমার পরিচর দিল এবং কাল সকালে চলে যাব জানাল তখন বুঝলাম তাদের মন পরিষ্কার হয়েছে। প্রত্যেককে একটা করে সিগারেট দিলাম, এতে এদের